নওগাঁর মান্দায় গরুচোর সন্দেহে রবিউল ইসলাম রবি (৩২) নামে একব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর (বালকাপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম রবি রাজশাহীর কাঁশিয়াডাঙ্গা এলাকার সৈয়দ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরির আশঙ্কায় পালাক্রমে রাত জেগে পাহারা দিয়ে আসছিলেন গ্রামবাসী। শুক্রবার রাতেও পাহারা দিচ্ছিলেন তারা। এ সময় রাত একটার দিকে ট্রাক নিয়ে একদল চোর গ্রামে প্রবেশ করে।
গ্রামের বাসিন্দা আয়নাল হক জানান, চোরেরদল গ্রামের সানোয়ার হোসেন আঙুরের বাড়ি থেকে গরু বের করার চেষ্টা করেন। এ সময় পাহারা দেওয়া লোকজন গ্রামবাসীর সহায়তায় তাদের ধাওয়া দেন। অন্যরা ট্রাক নিয়ে পালিয়ে গেলেও রবিকে আটক করে গ্রামবাসী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক রবিকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় সানোয়ার হোসেন বাদি হয়ে থানায় মামলা করেন।