করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর বিষয়ে বিভাগীয় শহর রাজশাহীতে থাকা সরকারের দুইটি দপ্তরের তথ্যে বিস্তর গড়মিলের চিত্র প্রকাশ পেয়েছে। ফলে গনমাধ্যম কর্মীরা কোনটি প্রকাশ করবে তা নিয়ে প্রতিদিনই বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ছে। এমন পরিস্থিতিতে সঠিক তথ্য প্রকাশের ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনে এখানকার সাংবাদিকরা প্রতিনিয়তই তথ্যবিভ্রাটের কবলে পড়ছে। যে কারণে এখানকার অধিকংশ সাংবাদিকরা রাজশাহী মেিেডকেল কলেজ (রামেক) হাসপাতালের তথ্য প্রতিদিনই নিজ নিজ প্রচার মাধ্যমে প্রকাশের ব্যবস্থা নিয়ে থাকেন। যা নিয়ে জনসাধারণও প্রকৃত তথ্য নিয়ে উৎকন্ঠায় থাকছে।
শুক্রবার (২ জুলাই) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত প্রতিবেদনে বলা হয়েছে- রাজশাহী বিভাগের পাঁচ জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় এদের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯১০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় বিভাগের আট জেলায় নমুনা পরীক্ষায় ৮৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
অথচ, একই সময়ে শুধু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ছিল। বাকি পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে মারা যান। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। ফলে সরকারের দুইটি দপ্তরের দুই প্রধানের তথ্যে গড়মিলের বিষয়টি প্রকাশ পেয়েছে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘন্টায় এই বিভাগে সবচেয়ে বেশী মারা গেছে বগুড়া জেলায় ১১ জন। যা জেলার সব রেকর্ড ছাড়িয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার এ জেলায় মৃতের সংখ্যা ছিল পাঁচজন। এছাড়াও গত ২৪ ঘন্টায় রাজশাহীতে চারজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় তিনজন ও নাটোরে একজনের মৃত্যু হয়েছে। এদিন জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত প্রতিবেদনে আরও বলা হয়- রাজশাহী বিভাগের আট জেলায় একদিনে ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী পাবনায় ২৪৪ জন। বাকি জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ২৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০, নওগাঁয় ৪৯, নাটোরে ৭৮, জয়পুরহাটে ৩১, বগুড়ায় ১০০ ও সিরাজগঞ্জে ৬৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৫৭ হাজার ৮৮৪ জন।
এদিকে রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘন্টায় নতুন মারা যাওয়াদের মধ্যে ১০ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার একজন। এদের মধ্যে আইসিইউতে মারা যান তিনজন। পজেটিভ ১২ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন।
তিনি জানান, এ নিয়ে চলতি মাসের দুই দিনের মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল ১৭ জনের। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৪০৫ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল ১৮৯ জনের। আর গত ২৯ জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যুতে রেকর্ড হয়।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় নতুনভাবে ভর্তি হয়েছেন ৭৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬৮ জন। আর ২০ বেডের আইউসিইউতে করোনায় চিকিৎসাধীন ১৮ জন।
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে আবারও করোনাভাইরাস শনাক্তের হার বেড়েছে উল্লেখ করে হাসপাতাল পরিচালক বলেন, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫০ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৪০ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ৩৯ দশমিক ৯০ শতাংশ।
শামীম ইয়াজদানী জানায়, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে তিন জেলার ৫৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২২১ জনের। রাজশাহী জেলা ছাড়াও অপর দুই জেলার মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৮৫ জনের নমুনার মধ্যে ২৩টি পজেটিভ এসেছে। আর নওগাঁর একজনের নমুনার পরীক্ষা করে সেটি নেগেটিভ এসেছে।
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার বলেন, হাসপাতাল থেকে প্রতিদিন আমাদের কাছে প্রতিবেদন পাঠানো হয়। সে অনুযায়ী যারা করোনা শনাক্ত হওয়ার পর যারা মারা গেছে তাদের তালিকা বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। আর উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়ে কোন তথ্য পাঠানো হয় না। তবে মারা যাওয়ার পর কারও নমুনা পরীক্ষায় পজেটিভ আসে এবং সেটি যদি আমাদের নজরে আসে তার নাম করোনায় মৃতের তালিকায় যুক্ত করা হবে। কিন্তু এ ধরণের কোন নাম এখনো পায়নি বলেও জানান সিভিল সার্জন।
এদিকে, হাসপাতাল পরিচালকের দপ্তরের কর্মকর্তা সাখাওয়াত সুমানের পাঠানো প্রতিবেদনের তথ্য মতে, গত বছরের মার্চ মাসে এ হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়। তবে রোগী ভর্তি শুরু হয় এপ্রিল থেকে। প্রথম মারা যায় মে মাসে।
প্রাপ্ত তথ্য বলছে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত (মে-২০২০ থেকে জুন-২০২১ পর্যন্ত) মারা গেছেন ১ হাজার ৭৮ জন। এর মধ্যে করোনা পজেটিভ ছিল ৩৪৬ জন। বাকি ৭৪৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। ফলে এ থেকেই নিশ্চিত হওয়া যায় এই ৭৪৬ ব্যক্তি করোনায় মৃত্যু তালিকায় বাদ পড়েছে।
হাসপাতাল সুত্র বলছে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে সবচেয়ে বেশী মারা গেছে চলতি বছরের জুন মাসে ৪০৫ জন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়েছে। আর গত বছরে সর্বোচ্চ মৃত্যু ছিল জুলাই মাসে ১১১ জনের। এ পর্যন্ত রাজশাহীর কোভিড ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ১৬১ জন। আর সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৯২৭ জন। সবচেয়ে বেশী রোগী ভর্তি হয়েছে চলতি বছরের জুন মাসে এক হাজার ৩৯৭ জন। এর আগে জানুয়ারিতে ২৩১ জন, ফেব্রুয়ারিতে ২০১, মার্চে ৩৩৪, এপ্রিলে ৬৫৪ ও মে মাসে ৮০৮ জন রোগী ভর্তি হন। আর গত বছর সবচেয়ে বেশী কোভিড রোগী হাসপাতালে ভর্তি হয় জুলাই ৭৭৫ ও আগস্ট মাসে ৭৭৪ জন।
এদিকে সরকারি দপ্তরের তথ্যে এমন বিস্তর গড়মিল থাকার বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী শুক্রবার বিকেলে বলেন, আসলে এমনটি হওয়ার কথ নয়। তবুও যেহেতু জানলাম, তাদের সাথে কথা বলে বিষয়টি দ্রুতই সমাধানের চেষ্টা করব।
অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে সরকারিভাবে জারিকৃত কঠোর লকডাউন উপেক্ষা করে রাজশাহী মহানগরীতে গোপনে খুলছে দোকানপাট।
লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) মহানগরীর বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে প্রশাসনের চোখে ধূলো দিতে এসব ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা ব্যবসা প্রতিষ্ঠানের কিছু অংশ খোলা রেখে রাস্তায় লোক দাড়িয়ে রাখছে। যেন প্রশাসনের গাড়ি দেখা মাত্রই দোকান বন্ধ করতে পারে। এমন চিত্র মহানগরীর প্রতিটি মোড়েই দেখা গেছে। আর চা-স্টল গুলোতে দেখা গেছে অনেক সমাগম। কিন্তু বাহির থেকে সহজেই বোঝা সম্ভব নয়।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও রাস্তায় তৎপর রয়েছেন। এমন কিছু দেখা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।