প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে পাবনার সুজানগর পৌরসভার প্রায় ৩‘শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি ঐ সব পরিবারকে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে হচ্ছে।
ভুক্তভোগী পৌরবাসী জানায়, গত দুইদিনের প্রবল বর্ষণে পৌর সভার ৩নং, ৬নং এবং ৭নং ওয়ার্ডের নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়ির আঙিনায় পানি উঠে পড়েছে। এদের মধ্যে ২/৪টি পরিবারের বসত ঘরের মধ্যে পর্যন্ত পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও ডুবে গেছে কাঁচা-পাকা রাস্তা। পৌরসভার ৩নং ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা আবদুল কদ্দুস বলেন পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই আমার বাড়ির আঙিনায় পানি ঢুকে পড়ে। সেই সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী পাকা রাস্তাও তলিয়ে যায়। এ সময় পরিবারপরিজন নিয়ে পানিবন্দি থাকতে হয়। পৌর কাউন্সিলর জায়দুল হক জনি বলেন বিগত মেয়রের কার্যকালে নির্মিত অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাছাড়া অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণও জলাবদ্ধতার জন্য দায়ী। তবে শিগগিরই জলাবদ্ধতা দূরিকরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।