যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনাভাইরাস মহামারীতে ৪ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক অতিক্রম করেছে ভারত।
শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ ৮৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে; একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৬১৭ জন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটের মধ্যে এপ্রিলের শেষ সপ্তাহে দেশটিতে সরকারি হিসেবে করোনাভাইরাসে মৃত্যু ২ লাখ ছাড়িয়েছিল; তার ৯ সপ্তাহেরও কম সময়ে এ সংখ্যা ৪ লাখের ঘর অতিক্রম করল।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জনে।
এর মধ্যে ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জনই সুস্থ হয়ে উঠেছেন; মৃত্যু আর সুস্থ হয়ে ওঠাদের বাদ দিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন।