বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর একই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০৮ জন। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৬ জন। একই সময়ে বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং জেলায় একজন, পটুয়াখালীতে একজন ও পিরোজপুর জেলায় চারজনসহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১১ জনে দাঁড়িয়েছে।