করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার পাবনার সুজানগরে কঠোরভাবে কার্যকর হয়েছে। বিশেষ করে লকডাউনের কারণে সুজানগর পৌর শহরে পিনপতন নিরবতা নেমে আসে। ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজতে না বাজতেই সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম এবং সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য পাবনা-সুজানগর প্রধান সড়কসহ পৌর বাজারে ব্যাপকভাবে পুলিশি তৎপরতা চালায়। এ সময় নিত্যপণ্যের দোকানপাট এবং জরুরীসেবাদানের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় পাবনা-সুজানগর সড়কে চলাচলকারী বাসসহ সকল প্রকার যানবাহন। পৌর বাজারে ২/৪টি ভ্যান এবং রিকশা দেখা গেলেও বাজারে লোকজন না থাকায় কার্যত ভ্যান এবং রিকশা চলাচলও বন্ধ হয়ে যায়। পৌরসভার মানিকদীর এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন লকডাউনের পাশাপাশি বৃষ্টির কারণে পৌরবাসী স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে যায়। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় দোকানপাট বসার কথা থাকলেও বৃষ্টির কারণে তেমন একটা দোকানপাট বসেনি। সেকারণে লকডাউন চলাকালে পৌর বাজার ছিল প্রায় জনশূন্য। গ্রামাঞ্চলেও একইভাবে লকডাউন কার্যকর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন শুধু প্রথমদিন নয়, সপ্তাহ ব্যাপি লকডাউন কঠোরভাবে কার্যকর করা হবে। লকডাউন চলাকালে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।