নাটোরের লালপুর উপজেলায় করোনা সংক্রমণ থেমে নেই। বুধবার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.২২ ভাগ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৩০জুন-২০২১) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের নমুনা পরীক্ষায় (র্যাপিড এন্টিজেন টেস্টে) ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বাকি ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হবে। গত মঙ্গলবার ৫ জনের করোনা পজেটিভ আসে, এর মধ্যে গত ২১ জুনের নমুনা পরীক্ষায় ৩ জন ও ২৯ জুনের ২জন।
লালপুর উপজেলায় ৩০ জুন ২০২১ বুধবার পর্যন্ত ৩ হাজার ৪শ ৫৬ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৩শ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২শ জন। বাকি ১শ ১০জন বিভিন্ন মেয়াদে হোম কোয়ারেন্টেনে রয়েছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টেনে থাকা করোনা পজেটিভ রোগীদের নিয়মিত তদারকি করা হচ্ছে।
লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মো: ফজলুর রহমান জানান, স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে জনসাধারণ কে উদ্বুদ্ধকরণে প্রচার অভিযান, চেক পোষ্ট ও টহল অব্যাহত আছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) শাম্মী আক্তার জানান, করোনা সংক্রামণ রোধে প্রতিটি এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে। সরকারী বিধি নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।