রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একজন করে মোট দুইজন নিহত হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১৫জন। আহতদের বেশীর ভাগ আঘাত মাথায়। যাদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি ভর্তি করা হলেও গ্রেপ্তার আতঙ্কে বাকিরা গোপনে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। তবে হাসপাতালে ভর্তিদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুর ১টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত থেমে থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলেন, বিএনপির পক্ষে নেতৃত্বদানকারী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৪৫) ও আওয়ামী লীগ পক্ষে নেতৃত্বদানকারী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব হোসেনের ভাগনে জয়নাল (৪৫)। নিহত শফিকুল দাশপুকর এলাকার সাজদার আলীর ছেলে ও জয়নালের পিতার নাম গিয়াস উদ্দিন।
এ ঘটনায় মহানগরীর রাজপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এবং রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার পক্ষ থেকেও অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।