লকডাউন চলাকালে শুধু অটোরিকশা চলার কথা থাকলেও তা মানছেন না সরাইল ও আশপাশের এলাকার চালক মালিকরা। যাত্রীদের চাহিদা বুঝে বাণিজ্যিক উদ্যেশ্যে মহাসড়কে চলছে প্রাইভেটকার ও মাইক্রোবাস। তারা টানছেন দূর দূরান্তের যাত্রী। মানছেন না স্বাস্থ্যবিধি। ভাড়াও আকাশচুম্বি। সরজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে দূরপাল্লার কোন যাত্রীবাহী কোচ বা বাস নেই। সড়কের পাশে দাঁড়িয়ে আছে ৫-৭টি মাইক্রোবাস ও ৩-৪টি প্রাইভেটকার। পাশে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ডিজাইনের ২-৩ টি মটরবাইক। কিছু যুবক ঘুরছে আর ডাকছে ‘ঢাকা’ ‘ঢাকা’। ছুটে যাচ্ছেন যাত্রীরা। ভাড়া হাকাচ্ছেন চালক এখানের ষ্ট্যান্ডের দায়িত্বে থাকা লোকদের সাথে। এয়ারপোর্ট ৬ শত টাকা। আর ঢাকার ভেতরে গেলে ৮ শত টাকা। সড়কের অপর পাশে দাঁড়িয়ে আছেন অনেক নারী পুরূষ ও শিশু। তারা যাবেন সিলেট, মৌলভীবাজার, তেলিয়াপাড়া, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর। পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রাক আধা ঘন্টা বা ৪০ মিনিট পরপর আসছে। যাত্রীরা দৌঁড়ে যাচ্ছেন। দরজা খুলে যাত্রী ওঠাচ্ছেন। বসছেন চালকের সাথে ৩-৪ জন। অনেকে বসছেন বাহিরে মালের চিপায়। ভাড়া মাধবপুর ৫শত টাকা। এরপর যেখানেই যাবেন সিলেট পর্যন্ত ৬-৭শত টাকা। গাড়ি গুলোর ভেতরে গিজাগিজি করেই বসছে যাত্রীরা। ২/১ জনের মুখে মাস্ক থাকলেও অধিকাংশ যাত্রীর মুখে নেই মাস্ক। স্বাস্থ্যবিধির ধারে কাছেও নেই তারা। মটরবাইকের ভাড়া ১২ শত টাকা। আবার কিছু মটরবাইক আশুগঞ্জে ৫০-৬০ টাকায় যাত্রী টানছেন। ভৈরবের ভাড়া নিচ্ছেন ১শত টাকা। মটরবাইকে চালকসহ মোট ৩ জন আরোহন করছেন। ৩ জন চলার বিষয়টি সম্পূর্ণ বেআইনি। আর করোনাকালে নিষিদ্ধ। এরপর রয়েছে দূর্ঘটনার ঝুঁকি। এরপর পরও চলছে যাত্রীরা। সড়কের আশপাশে ঘুরাফেরা করছেন ৩-৪ জন হাইওয়ে থানার পুলিশ সদস্য। গতকাল বিশ্বরোড মোড় থেকে এভাবেই ঢাকা গিয়েছেন শতশত যাত্রী।