রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনের ব্যবধানে ফের মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৭ জন করোনা পজেটিভ ছিল আর অন্যরা রোগটির উপসর্গ নিয়ে মারা যান। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। তবে এদের মধ্যে চারজন মারা যান আইসিইউতে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ১ জন, চাঁপাইনবাগঞ্জের ৫ জন ও নওগাঁর ১জন। এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩১৫ জন। এর আগে সবচেয়ে বেশী মারা যায় গত ২৪ জুন ১৮ জন এবং সবচেয়ে কম গত ১২ জুন ৪ জন।
আর একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৬২ নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ এসেছে ১৪৯ জনের। এদের মধ্যে রাজশাহীর ৪৮৫ নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে এবং চাঁপাইনবাগঞ্জের ৭৭ নমুনার মধ্যে পজেটিভ এসেছে ১৪ জনের। করোনার নমুনা পরীক্ষা অনুযায়ী গত ২৪ ঘন্টায় (রোববার ) শনাক্তের হার এসেছে ২৭ দশমিক ৮৪ শতাংশ। আগের দিন শনিবার ছিল ২৯ দশমিক ০৮ শতাংশ। ফলে গত ২৪ ঘন্টায় আগের দিন চেয়ে শনাক্তের হার কমেছে ১ দশমিক ২৪ শতাংশ। এর আগে শুক্রবার ছিল ৩৪ দশমিক ৫০, বৃহস্পতিবার ছিল ২৯ দশমিক ৭৫, বুধবার ৩৩ দশমিক ৯৫, মঙ্গলবার ৩৩ দশমিক ০৫ এবং সোমবার (২১জুন) ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।
এসব তথ্য নিশ্চিত করে সোমবার (২৮ জুন) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃত ১৪ জনের মধ্যে ৬ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন ও ৩১ থেকে ৪০ বছর বয়সের ৩ জন রয়েছে।
এ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুহার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে উল্লেখ করে হাসপাতাল পরিচালক বলেন, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়। আর চলতি মাসের ২৮ দিনে (সোমবার সকাল পর্যন্ত) মারা গেল ৩১৫ জন। সব নিয়ে চলতি বছরে এ হাসপাতালের করোনা ইউনিটে ৫৪১ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুনভাবে করোনায় ভর্তি হয়েছেন ৭৮ জন। এর মধ্যে রাজশাহীর ৫২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৮, নওগাঁর ৪, পাবনার ২ জন ও চুয়াডাঙ্গার ২ জন রয়েছে। আর একই সময়ে করোনা থেকে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। সোমবার সকাল পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে হাসপাতালটিতে মোট করোনায় চিকিৎসাধীন রোগী ৪৪২ জন। যা আগের দিন ছিল ৪৩৪। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। করোনায় চিকিৎসাধীন ৪৪২ রোগীর মধ্যে রাজশাহীর ৩০৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯, নাটোরের ৩২, নওগাঁর ৩২, পাবনার ১৫, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ২, দিনাজপুরের ২ ও ঢাকার ১ জন রয়েছেন। এ তালিকায় থাকা রোগীদের মধ্যে আইউসিইউতে চিকিৎসাধীন ১৯ জন।
এদিকে গত ঈদের পর থেকে শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠায় ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে তৃতীয় দফায় ‘বিশেষ লকডাউনের’ মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১১ জুন থেকে রাজশাহীতে চলমান কঠোর লকডাউন শুরু হয়।