সীমান্ত এলাকায় হুহু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। চারিদিকে ছড়িয়ে পড়ছে উদ্বেগ উৎকন্ঠা। তিন দিনের লকডাউন ঘোষণা করেছেন সরকার। লকডাউন চলাকালে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সকল যানবাহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে সকল শপিং মল মার্কেট। সোমবার সকাল ৬ টা থেকে শুরূ হয়েছে লকডাউন। চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত। কিন্তু লকডাউন উপেক্ষা করছেন যানবাহনের চালকরা। আর থেমে নেই লোকজনের ছুটে চলা। সড়কে শুধু মানুষ আর মানুষ। ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড ও কুট্রাপাড়া এলাকা থেকে পণ্যবাহী ট্রাক ও পিকআপন ভ্যানে করে ৩-৪ গুণ বেশী ভাড়ায় নারী পুরূষ যাচ্ছেন গন্তব্যস্থলে। অনেকে যাচ্ছেন মাইক্রো ও মটরবাইকে করে। আর মাস্ক ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের। তকে কঠোর অবস্থানে পুলিশ। সরজমিনে দেখা যায়, গতকাল ভোর পাঁচটার পরই সরাইলের বিভিন্ন সড়কে নেমে পড়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। সড়কে অনুমোদন বিহীন যানবাহন আটকাতে গুরূত্ব স্থান সমূহে তৈরী করা হয়েছে চেক পোষ্ট। বাঁশের মাচা ও লম্বা টেবিল ফেলে তৈরী করেছেন প্রতিবন্ধকতা। সরাইলের কুট্রাপাড়া মোড়, হাসপাতাল মোড়, কালিকচ্ছ বাজার, অন্নদা স্কুল মোড় ও বিশুতারা এলাকায় তৈরী করা হয়েছে তৈরী প্রতিবন্ধকতা। আটকা পড়ছে একের পর এক মাইক্রো, ট্রাক্টর, পিকআপ ভ্যান, সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশা। অতিরিক্ত যাত্রী। গাড়ির ষ্টাফ ও যাত্রী কারো মুখেই নেই মাস্ক। সড়কে চলাচলকারী সকল যানবাহনের একই অবস্থা। সড়কে চলাচলকারী শিশু কিশোর যুবক বৃদ্ধ মহিলা পুরূষ সকলের মধ্যেই দেখা যায় মাস্ক ব্যবহারে অনীহা। অনেকে মাস্ক কুচলিয়ে পকেটে লুঙ্গির ভাজে রেখেছেন। মাস্ক বিহীন ৫-৬ জন করে যাত্রী অটোরিকশায় ঘুরছেন দেদারছে। পুলিশ মাস্কও বিতরণ করছেন। সিএনজি চালকরা পুলিশকে ফাঁকি দিতে বেচে নিয়েছেন শাহপাড়া বড়দেওয়ান পাড়া ও নিজসরাইল মহল্লার ভেতরের সড়ক। নিজেদের আড়াল করতে চলছে বেপরোয়া। ফলে ওই মহল্লায় বসবাসরত পরিবার গুলোর শিশু কিশোরদের দূর্ঘনায় পড়ার ঝুঁকি বেড়ে গেছে। এখন পর্যন্ত সরাইল সদরের মার্কেট শপিংমল ও বিপণী বিতান গুলো বন্ধ থাকলেও সরাইল-নাসিরনগর সড়কের পাশের পশুর হাটের ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক। বেলা বাড়ার সাথে লকডাইন চলে যায় ঢিমে তালের দিকে। বেলা ২টার পর পাল্টে যায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড ও কুট্রাপাড়া মোড় এলাকার দৃশ্যপট। মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় চেকপোষ্ট বসিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। মহাসড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলতে থাকে হরদম। মোটা অংকের ভাড়ায় যাত্রী টানতে দেখা যায় পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মটরবাইককে। জেলা শহরের ভাড়া দ্বিগুণ আদায় করছে অটোরিকশা গুলো। বিপদে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। দেশের বিভিন্ন জেলা থেকে অধিক ভাড়া গুলে ট্রাক থেকে নামছেন সরাইলের অনেক খেঁটে খাওয়া মানুষ। পুলিশের উপস্থিতিতেই মহাসড়কের উপর জ্যাম করে দাঁড়িয়ে যাত্রী ডাকছেন অটোরিকশা ও মটরবাইকের চালকরা। মাইক্রো চালক সিলেটের ভাড়া হাকাচ্ছেন ৬ শত টাকা। আর বিশ্বরোড মোড় থেকে বাইক চালকরা আশুগঞ্জ/ ভৈরবের ভাড়া চাচ্ছেন ৪-৫শত টাকা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, সরকার দেশের মানুষকে করোনা মহামারি থেকে বাঁচানোর জন্যই লকডাউন ঘোষণা করেছেন। আমাদের উচিত এ কাজে সরকারকে সহযোগিতা করা। আমরা লকডাউন বাস্তবায়নে ও সরকার ঘোষিত বিধিনিষেধের প্রতি সাধারণ মানুষের আন্তরিকতা মনযোগ বৃদ্ধিতে সর্বদা কাজ করে যাচ্ছি। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, লকডাউনে কোন অটোরিকশা মহাসড়কের পাশে দাঁড়াবে না। আমি ১টা পর্যন্ত সড়কে ছিলাম। ১টার পর হয়তবা কিছু চালক সুযোগ নিয়েছে।