সাউদাম্পটনে সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সাউদাম্পটনের এজেস বৌলে শনিবার টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডাওয়িড মালানের ফিফটিতে ১৮০ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ৩০ বলে অর্ধশতক করা মালান থামেন ৭৬ রানে। কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো ৪৩ বলে করেন ৫১ রান। লঙ্কান বোলারদের মধ্যে ১৭ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন চামিরা। জবাব দিতে নেমে আগের দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ইংলিশদের বোলিং তোপে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় তারা। ৩ ম্যাচ সিরিজের সবকটিতেই হেরে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।ইংল্যান্ড দলের ডেভিড উইলি ২৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। কারান নেন ২ উইকেট। ২৯ জুন থেকে শুরু হবে দুই দলের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।