স্ত্রীকে দেওয়া তালাকের নোটিশে অবজ্ঞাপূর্ণ, যুক্তিহীন, অমানবিক শব্দ উল্লেখ করা কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন। রাজধানীর বড় মগবাজার এলাকার বাসিন্দা বর্তমানে কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়ে কর্মরত রাখী কে জামানের করা এক রিট আবদেনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।