রং নাম্বারের ফোন রিসিভ করার পর অপরপ্রান্তের বখাটে যুবকের অনবরত উত্যক্তের কারণে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যার জন্য বিষপান করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের।
রোববার দুপুরে ওই গ্রামের সুবল সরকারের স্ত্রী যুথিকা সরকার সাংবাদিকদের জানান, তাদের মেয়ে দিবা সরকার (১৫) টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। অতিসম্প্রতি মোবাইল ফোনে মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামের এক বখাটের ফোন আসে তার মেয়ের নাম্বারে। রং নাম্বার বলে দিবা ফোন রাখার পরেও দিনে ও রাতে অনবরত ওই বখাটে ফোন দিয়ে দিবা সরকারকে উত্ত্যক্ত করে আসছিলো। বখাটের উত্যক্তে অতিষ্ঠ হয়ে শনিবার সন্ধ্যায় দিবা সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষ অবস্থায় দিবা সরকারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করে বিস্তারিত শুনেছেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।