পাবনার সুজানগরে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে চরাঞ্চলে আবাদ করা চিনা বাদাম। এতে ক্ষতির মুখে পড়েছেন এলাকার বাদাম চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের ৫‘শ হেক্টর জমিতে চিনাবাদাম আবাদ করা হয়। ইতোমধ্যে আগাম আবাদ করা বেশিরভাগ বাদাম উঠানো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় এখনও যে সকল জমির বাদাম উঠানো হয়নি সেই সকল বাদাম তলিয়ে গেছে। উপজেলার শ্যামনগর গ্রামের বাদাম চাষী সোহেল শেখ বলেন পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের অনেক কৃষকের বাদাম তলিয়ে গেছে আবার অনেক কৃষকের বাদাম তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিশেষ করে নাবি আবাদ করা বাদাম সম্পূর্ণ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। একই এলাকার কৃষক রফিকুল ইসলাম মোল্লা বলেন পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের জমি থেকে অপরিপক্ক বাদাম উঠায়ে নিয়ে আসতে হচ্ছে। এতে কৃষকের বেশ ক্ষতি হচ্ছে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন বেশিরভাগ বাদাম উঠানো হয়ে গেছে। তবে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নাবি আবাদ করা কিছুকিছু জমির বাদাম তলিয়ে যেতে পারে।