রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে আটজনের করোনা পজেটিভ ছিল আর অন্যরা রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ১৭ জনের মধ্যে ৮জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ৯ জন রাজশাহীর, ২ জন নাটোরের, ৪ জন চাঁপাইনবাগঞ্জের ও ২ জন নওগাঁর। এ নিয়ে চলতি মাসের গত ২৬ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৯১ জন। এর মধ্যে রাজশাহীর ১৩৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১০১ জন।
এ তথ্য নিশ্চিত করে শনিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে ৫ জনেরই বয়স ৬১ বছরের উপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন নারী রয়েছে।
এ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুহার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে উল্লেখ করে হাসপাতাল পরিচালক বলেন, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৯ জন, ফেব্রুয়ারিতে ১৭, মার্চে ৩১, এপ্রিলে ৭৯ ও মে মাসে ১২৪ জনের মৃত্যু হয়। আর চলতি মাসের ২৬ দিনেই মারা গেল ২৯১ জন। সব নিয়ে চলতি বছরে এ হাসপাতালের করোনা ইউনিটে ৫৩১ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুনভাবে করোনায় ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৬, নওগাঁর ৩ ও পাবনার ৪ জন। আর একই সময়ে করোনা থেকে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শনিবার সকাল পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে হাসপাতালটিতে মোট করোনায় চিকিৎসাধীন রোগী ৪৩১ জন। যা আগের দিন ছিল ৪২৩। অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। করোনায় চিকিৎসাধীন ৪৩১ রোগীর মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬, নাটোরের ৩৩, নওগাঁর ৩৪, পাবনার ৯, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১, দিনাজপুরের ১ ও ঢাকার ১ জন রয়েছেন। আইউসিইউতে ভর্তি আছেন ২০ জন।
এদিকে রাজশাহীতে কঠোর ‘লকডাউনের’ পরও কিছুতেই করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। একই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর মিছিলও থামছে না। যে কারণে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে তৃতীয় দফায় ‘বিশেষ লকডাউনের’ মেয়াদ এক সপ্তাহ বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১১ জুন থেকে রাজশাহীতে চলমান কঠোর লকডাউন শুরু হয়।