গতবারের বিজয়ী সিমোনা হালেপ চলতি বছরের উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। রোমানিয়ার এই খেলোয়াড়ের নাম প্রত্যাহারের কারণ হলো পায়ের পেশির চোট। শুক্রবার তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, পুরুষ বিভাগে এর আগেই কবজির চোটের কারণে নাম তুলেছেন ডমিনিক থিম। আগামী সোমবার থেকে শুরু হবে উইম্বলডন। গত মে মাসের শুরুর দিকে শেষ বারে রোমে খেলেছিলেন সিমোনা হালেপ। সেই আসরে পায়ে চোট পাওয়ায় অ্যাঞ্জেলিক কের্বেরের বিপক্ষে ম্যাচের মাঝপথে অবসর নেন। তারপর থেকে সিমোনা হালেপকে আর কোর্টে দেখা যায়নি। ফ্রেঞ্চ ওপেনেও তিনি খেলেননি। এবার তিনি উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করলেন। এক বিবৃতিতে হালেপ বলেছেন, 'পায়ের পেশির চোট থেকে আমি এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। তাই প্রচ- হতাশার সঙ্গেই উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করতে হচ্ছে। উইম্বলডনে খেলার জন্য সব ধরনের চেষ্টা করেছিলাম। দুই বছর আগে এই মঞ্চে শিরোপা জয়ের দুর্দান্ত স্মৃতি আছে। এবার সেটা সম্ভব হলো না।' উল্লেখ্য, গত বছর করোনায় স্থগিত হয়েছিল উইম্বলডন।