বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের একজন নওগাঁ পৌরসভার ও অপরজন পোরশা উপজেলার বাসিন্দা। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
এনিয়ে এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭২ এ। আগেরদিন বৃহস্পতিবার জেলায় দুজন ও বুধবার চারজনের মৃত্যু হয়। এ ছাড়া গত রোববার ২০ জুন মারা যান তিনজন। আগেরদিন শনিবার মারা যান একজন। অর্থাৎ গত এক সপ্তাহে এ জেলায় মারা গেলেন ১২ জন। চলতি জুন মাসের প্রথম দিন এ জেলায় মারা যান তিনজন। আর এ মাসের ২৫ দিনে এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৩২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় এ জেলায় ৪০৯টি নমুনা পরীক্ষার বিপরীতে ১২৫ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৬ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৭৫৩ জনের নমুনা পরীক্ষায় ২২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। গত বুধবার ২৪৫ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৬৩ শতাংশ। গত মঙ্গলবার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ দশমিক ২৭ শতাংশ। গত সোমবার ৭২৯ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও বগুড়ার টিএমএসএস হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ ছাড়া নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ এসেছে।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৭ জন, মহাদেবপুর উপজেলায় ১৫ জন, মান্দা উপজেলায় ১২ জন, রানীনগর উপজেলায় সাতজন, বদলগাছী উপজেলায় সাতজন, পতœীতলা উপজেলায় সাতজন, আত্রাই উপজেলায় চারজন, সাপাহার উপজেলায় তিনজন, পোরশা উপজেলায় দুইজন ও নিয়ামতপুর উপজেলায় একজন।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো চার হাজার ৮২। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার সাতশ’ ৪৭ জন। আক্রান্তদের মধ্যে নওগাঁ আধুনিক হাসপাতালে ৪১ জনসহ জেলার অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫২ জন চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, ‘লকডাউন ও বিধিনিষেধের মধ্যেই জেলায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এখন একটি প্রবণতা দেখা যাচ্ছে, শহরের চেয়ে গ্রামে বেশি রোগী শনাক্ত হচ্ছেন। গ্রামের লোকজন স্বাস্থ্যবিধি না মানায় লকডাউন ও বিধিনিষেধ খুব একটা কাজে আসছে না। মানুষের অসচেতনতার কারণেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।’