দিঘলিয়া উপজেলায় কোভিড -১৯ এর সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলাবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে গত ২২ জুন পর্যন্ত অত্র উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১০ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। ৬৫ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২২ জুন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। গত ২১ জুন ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের পজিটিভ ধরা পড়ে।
এ দিকে উপজেলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ম পরিকল্পনা নির্ধারণী এক সভা গত ২১ জুন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলায় করোনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়।
এ দিকে খুলনা জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত লকডাউন দ্বিতীয় দিনের মত দিঘলিয়া উপজেলায় কঠোরভাবে পালিত হয়। সকাল থেকে উপজেলাধীন সকল বাজার, দোকানপাট বন্ধ রয়েছে। শহরের সঙ্গে যোগাযোগের মাধ্যম খেয়াঘাটগুলো ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু জরুরী প্রয়োজনে, রোগী পারাপার, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের পারাপারের জন্য সীমিত আকারে কঠোর স্বাস্থবিধি মেনে নগরঘাট, আড়ুয়া এবং চন্দনীমহল খেয়াঘাট খোলা রাখার অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।
সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন, দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে গঠিত টিম উপজেলাধীন বিভিন্ন হাট-বাজার, খেয়াঘাটের অবস্থা সরেজমিনে তদারকি করে চলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলাবাসীকে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা কঠোরভাবে মেনে চলার এবং আগামী এক সপ্তাহ জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি এই দুর্যোগ মোকাবেলায় সন্মিলিতভাবে সবাইকে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্র করোনা মোকাবেলায় শুরু থেকেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অক্সিজেন ব্যাংক প্রস্তুতসহ ১০ বেডের করোনা ইউনিট খোলা হয়েছে। আইসুলেশনে থাকা রোগীদের নিয়মিত প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা প্রদান করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম।তিনি উপজেলাবাসীকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন। করোনার উপসর্গ দেখা মাত্র বিলম্ব না করে সবাইকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে করোনার নমুনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কারো কোন পরামর্শ এবং সহযোগিতার প্রয়োজন হলে তিনি ইমারজেন্সী মোবাইল নং ০১৭৩০৩২৪৫৯৫, ডাঃ বাদল চন্দ্র দেবনাথ (এমওডিসি) মোবাইল নং ০১৮২৩৬৩২০৭৩ এবং ডাঃ শাহানাজ পারভীন মোবাইল নং ০১৭১১৩৪৪১৫৭ এই তিনটি মোবাইল নং-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর মোল্যা আসাফুর রহমান সহ অন্যান্য স্টাফ, নার্স এবং ডাক্তাররা করোনা পরিস্থিতি মোকাবেলায় নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।