খুলনার পাইকগাছায় সপ্তাহব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে তৎপর ছিল প্রশাসন। প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান নেওয়ায় বিধিনিষেধের দ্বিতীয় দিনেও বুধবার প্রায় শত ভাগ কার্যকর ছিলো। বিধিনিষেধ কার্যকর করতে প্রথম দিন মঙ্গলবার থেকে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে চেক পোস্ট বসানো হয়। জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ সহ সব ধরণের যানবাহন চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়। উপজেলা সদর থেকে দূরপাল্লা সহ কোনো গণ পরিবহন চলাচল করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক ও ওসি এজাজ শফী পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধ কার্যকর করছেন। এ সময় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় সহ কয়েকজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন ও শাহরিয়ার হক।