খুলনার পাইকগাছায় কঠোর লকডাউনের মধ্যে অধিকাংশ এনজিওগুলো জোর-জুলুম করে কিস্তির টাকা আদায় করছে। একপ্রকার বাড়ীতে আবদ্ধ থাকা অবস্থায় আয়-রোজগার না থাকায় বিভিন্ন এলাকায় ঋণ গ্রহিতারা চরম বিপাকে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অধিকাংশ এনজিও কর্মকর্তাদের সাথে ঋণ আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করেন। মাসিক-সাপ্তাহিক হিসেবে এনজিওগুলো ঋণের কিস্তি টাকা আদায় করা হয়। বর্তমান উপজেলায় চলমান কঠোর লকডাউনের সময় সকল ব্যবসা-বাণিজ্য বন্ধ ও সাধারণ মানুষ একপ্রকার গৃহবন্ধী অবস্থায় রয়েছে। আয়-রোজগারের পথ বন্ধের উপক্রম। এরইমধ্যে অধিকাংশ এনজিও তাদের প্রদেয় ঋণের কিস্তি আদায়ে কঠোর অবস্থানে থাকায় সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। অনেকেই কিস্তিরর সময় বাড়ী ছেড়ে অন্যত্রে গেলেও রাত্রিকালীন সময় যেয়ে ঋণ আদায়ে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে রাড়-লী ইউনিয়নের বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীর সামনে ইব্রাহিম শেখের স্ত্রী সরবানু বেগম ঋণের টাকা না থাকায় বাড়ী থেকে সরে পড়েন। দিনের বেলায় তাকে না পেয়ে সিএসএস-এর আদায়কারী রাতে তার বাড়ীতে যেয়ে কিস্তির টাকা আদায়ে চাপ সৃষ্টি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বিষয়টি জানার পর অধিকাংশ এনজিওগুলোর সাথে কথা বলেছি। এ ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ নেয়া হয়েছে।