কয়রায় বন বিভাগ অভিযান চালিয়ে ১ শ কেজি অবৈধ চিংড়ি মাছ আটক করেছে। আটককৃত চিংড়ি মাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। জানা গেছে, সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম ও বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেনের নেতৃত্বে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে হারেজখালী এলাকায় অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের অনুমতিক্রমে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন,সম্প্রতি সুন্দরবনের সকল প্রকার মাছ ধরা বন্ধ রয়েছে। এক ধরনের অসাধু জেলেরা সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে মাছ ধরে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি মাছ আটক করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।