পাবনার চাটমোহরে ভ্রাম্যমান করোনা পরীক্ষা (র্যাপিড এন্টিজেন টেস্ট) শুরু হয়েছে। সোমবার সকালে চাটমোহর পৌরসভার পুরাতন বাজারে করোনাভাইরাসের এই পরীক্ষা শুরু হয়। প্রথমদিন ৩৬জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুত ফলাফল দেওয়া হয়। তবে কারো দেহে করোনাভাইরাস সনাক্ত হয়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল।
মঙ্গলবার পৌর এলাকার নতুন বাজার জার্দিস মোড়ে করোনা পরীক্ষা করা হয়। এদিন ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে র্যাপিড এন্টিজেন টেস্ট করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম জানান,ভ্রাম্যমান এন্টিজেন টেস্টের মাধ্যমে ১৪০ জনের পরীক্ষা করা হবে। তাছাড়া করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার করাতে কঠোরভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
এদিকে চাটমোহর উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ২৯৫ জনের করোনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছে ৯৬ জন। শুধুমাত্র র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় ৩১৫ জনের। এরমধ্যে আক্রান্তের সংখ্যা ১৬। এ উপজেলায় করোনায় আক্রান্ত ও করোন উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
চাটমোহর উপজেলায় সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মগরেব আলী,সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এস মসীহ,থানার এসআই প্রদীপ কুমার,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন। সভায় করোনা প্রতিরাধে সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।