খুলনা মহানগর ও উপজেলাগুলোতে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন।আর এ লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে খুলনা জেলা ও উপজেলা প্রশাসন। পাশাপাশি মাঠে নেমেছে কেএমপি পুলিশ ও খুলনা জেলা ও উপজেলা পুলিশ। দিঘলিয়া উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ ২২ জুন থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন।গতকাল দিঘলিয়া উপজেলায় ৪৪ জনের করোনা টেস্ট করে ১১ জনের পজেটিভ পাওয়া গেছে। যার মানে সনাক্তের হার ২৫% যা খুবই বিপদজনক। দ্বিতীয় ঢেউ এ দিঘলিয়া উপজেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।
এবারের লকডাউনে দিঘলিয়া প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে-
১. জরুরী প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের হলে জেল/জরিমানা।
২. বাড়ির বাইরে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
৩. ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে( নিচের নির্দেশনা মোতাবেক)। অন্য দোকানপাট বন্ধ থাকবে।
৪. উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক দিঘলিয়া উপজেলার সকল খেয়াঘাট সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে। (কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একান্ত জরুরী প্রয়োজনে নগরঘাট, চন্দনীমহল,আড়ুয়াঘাট পার হওয়া যাবে)
৫.সকল প্রকার গণপরিবহন (ভ্যান, ইজিবাইক) এ যাত্রী পরিবহন বন্ধ থাকবে। (রোগী, কৃষি পন্য,খাদ্যদ্রব্য পরিবহন করা যাবে)
জীবন বাঁচাতে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা প্রশাসন ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।এদিকে এ লকডাউনে অতি বৃষ্টির কারণে এলাকার কর্মমুখী মানুষ কোন কাজে যেতে পারেনি।লকডাউনের কারণে দিঘলিয়া জনপদের নানা শ্রমিক শ্রেণির মানুষ নানা সমস্যায় পড়তে পারে বলে জানা যায়।পাশাপাশি দিঘলিয়ার সিংহভাগ মানুষ নানা এনজিও ঋণের জালে জড়ানো।সাপ্তাহিক/মাসিক কিস্তির আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করে। দিঘলিয়ায় এমন অনেক পরিবার আছে যারা কর্মহীন হয়ে পড়লে পুরা পরিবার আর্থিকভাবে কঠিন সমস্যায় পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।