পাবনার সুজানগর পৌর শহরে প্রায় একযুগ পর রিকশার দেখা মিলছে। এতে পৌরবাসী অত্যন্ত খুশি। পৌর বাজারের ব্যবসায়ী সেলিম রেজা জানায়, ১০/১২বছর আগে সুজানগর পৌর শহরে ভ্যানের পাশাপাশি বেশ কিছু রিকশা চলাচল করতো। ঐ সময় এক শ্রেণির পৌরবাসীর চলাচল ছিল রিকশা নির্ভর। তারা বাসা থেকে পৌর বাজারে আসতেন রিকশায় আবার বাজার থেকে বাসায়ও যেতেন রিকশায়। কিন্তু হঠাৎ করে রিকশা চালকরা রিকশা বিক্রি করে ভ্যান চালানো শুরু করে। এতে রিকশা নির্ভর যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। রাধানগর গ্রামের রিকশা চালক আবদুর রাজ্জাক বলেন রিকশায় যাত্রী ছাড়া মালামাল বহন করা যায়না। কিন্তু ভ্যানে যাত্রীর পাশাপাশি মালামালও বহন করা যায়। এতে আয় বেশি হয়। সেকারণে রিকশা চালকরা রিকশা বিক্রি করে ভ্যান কিনে পৌর শহরসহ আশপাশের এলাকায় ভ্যান চালায়। তবে দীর্ঘ প্রায় একযুগ পর পৌর শহরে আবার রিকশা চলাচল শুরু হয়েছে। পৌরসভার চরসুজানগর এলাকার রিকশা চালক আবদুল বাতেন বলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন পৌর শহরে রিকশা চলাচলের গুরুত্ব বিবেচনায় নিয়ে তার ব্যক্তিগত অর্থায়নে ১২জন দরিদ্র ও দুঃস্থ পৌরবাসীকে ১২টি ইঞ্জিন চালিত রিকশা কিনে দিয়েছেন। ঐ ১২জন এখন নিয়মিত পৌর শহরে রিকশা চালায়। পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত আলী বলেন পৌর শহরে রিকশা চলাচল করায় আমি অত্যন্ত খুশি। কেননা একা বা দু’জন চলাচলের জন্য রিকশা অত্যন্ত আরামদায়ক যানবাহন। তিনি পৌর শহরে আরও রিকশা চলাচলের প্রত্যাশা করেন।