রাজশাহী জেলার ৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীণ (ঘরহীন) পরিবারদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত ২য় পর্যায়ে ৮৫৪টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আর বরাদ্দকৃত এসব পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে রবিাবর (২০ জুন)। বিষয়টি নিয়ে শনিবার (১৯ জুন) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় আয়োজিত সভায় সাংবাদিকদের জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল।
প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করছেন। এরই অংশ হিসেবে বৃহৎ ও কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যাক্তা, ষটোর্ধ্বপ্রবীণ ব্যক্তিগণকে অগ্রাধিকার ভিত্তিতে জমি ও গৃহ (ঘর) প্রদান করছেন সরকার। যে প্রকল্পের প্রথম পর্যায়ে রাজশাহী জেলায় ৬৯২টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর অংশ হিসেবে এবার ২য় দফায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা রয়েছে ১১০টি, দুর্গাপুরে ১৪টি, পবা উপজেলায় ৫০টি, মোহনপুরে ৫০টি, গোদাগাড়ীতে ৪০৩টি, তানোরে ১০৫টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি ও বাগমারায় ৭৭টি।