খুলনার পাইকগাছায় পৌরসদরে শাপলা ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় আবু সুফিয়ান নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতা সালাম সরদার ও বাড়ী দাকোপ উপজেলার গড়খালী গ্রামে। শিশুর পিতা বলেন, ছেলের পেটে ব্যাথা নিয়ে শাপলা ক্লিনিকে আসছি। ডাক্তার বলেন, অ্যাপেন্ডিস হয়ছে। অপারেশন করতে হবে। ছেলেকে অপারেশন করার জন্য শুক্রবার সকাল ৯টায় ভর্তি করছি। বিকেল ৫টার দিকে ডাঃ ফারুক এসে অপারেশন করেন। অপারেশনের পরে আর আমার ছেলের হুশ (জ্ঞান) ফেরে নাই। তিনি আরও বলেন, শনিবার ভোর রাতেও তার হুশ (চেতনা) না ফেরাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে ক্লিনিকের চিকিৎসকদের সাথে যোগাযোগ করলে তারা তাড়াহুড়া করে খুলনায় পাঠানোর ব্যবস্থা করে। তৎক্ষনিক ছেলেটি মারা যায়। তবুই তারা খুলনায় পাঠানোর জন্য মৃত শিশুকে গাড়িতে তুলে দেবার চেষ্টা করে। এসময়ে বাজারের লোকজন ঠিক পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে বাঁধা দেয়। পরে আমরা মৃত সন্তান নিয়ে ক্লিনিকের পাশে অবস্থান করি। তাদের ভুল চিকিৎসায় আমার ছেলের অকাল মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই? বলে আর্তনাদ করতে থাকেন শিশুর পিতাসহ স্বজনরা। শাপলা ক্লিনিকের স্বত্তাধিকারী তাপস কুমার মন্ডলের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। থানার তদন্ত পরিদর্শক সরদার ইব্রাহিম হোসেন সোহেল বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে পৌঁছে ক্লিনিকটি সিল গালা করে দেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয়রা অভিযোগ করেন এ ক্লিনিকে একের পর এক ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। প্রাথমিক পর্যায়ে কর্তৃপক্ষ ক্লিনিকটি বন্ধ করে দিলেও আবারো তা খোলার অনুমতি দেন কেন?