খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পাচ্ছেন ৩শ’ গৃহহীন পরিবার। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম। ২০শে জুন প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ঘরগুলো গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে ৩শত ঘর। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে উঠতে অপেক্ষার প্রহর গুনছেন গৃহহীনরা। পাচ্ছেন তাদের স্বপ্নের ঠিকানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রী উপহার হিসেবে পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ৩শত গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। ঘরগুলোর কাজের মান যাতে ঠিক থাকে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর উপকারভোগীদেরকে চাবি ও দলিল হস্তান্তর করা হবে।