খুলনার দিঘলিয়া উপজেলার মোঃ হারুন অর রশিদ এর মালিকানাধীন পাট গোডাউনের পাকা দেয়াল ধ্বসে পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সোনালী ব্যাংক ও গোডাউন মালিক থানায় পৃথক দুটি জিডি করেছে।
জানা যায়, ২০১৪ সালে মেসার্স অনিক জুট ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এই পাট গোডাউন দুই বছরের বার্ষিক চুক্তিতে ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিলো। গত ১৬ ই জুন রাত আনুমানিক ১১টার পর পাট গোডাউন এর নদীর সামনের অংশ ধ্বসে পড়ে। ১৭ই জুন সকালে মেসার্স অনিক জুট ইন্টারন্যাশনাল এর ঋণ দানকারী সরকারি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক এর দৌলতপুর বি এল কলেজ শাখার এজিএম এ কে ফয়সাল ফারুক, সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা ফোয়াদ উদ্দিন, মেসার্স অনিক জুট ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মনির হোসেন গোডাউন পরিদর্শন করেন।
এই গোডাউন এর মালিকপক্ষের প্রতিনিধি শেখ নবী হোসেন লিটন বলেন আমরা ভাড়াটিয়া মেসার্স অনিক জুট ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম এর নিকট ভাড়া বাবদ অনেক টাকা পাবো, কয়েক বছর তারা ভাড়া পরিশোধ না করায় গোডাউনটি সংস্কার করা হয়নি, সংস্কার কাজ করলে এই গোডাউন সামান্য বৃষ্টিতে ধ্বসে পড়তো না।
এই ঘটনায় সোনালী ব্যাংক দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন যার নং ৬৮৮, অপরদিকে গোডাউনের মালিকের পক্ষে শেখ নবী হোসেন লিটন থানায় সাধারণ ডায়েরি করেছেন যার নং ৬৯৭।
উল্লেখ্য যে দিঘলিয়া উপজেলার ভৈরব নদীর তীরে অনেক লোকজন পাট গুদাম নির্মাণ করে মসিক বা বার্ষিক ভাড়া চুক্তিতে ভাড়া দেয়। সংশ্লিষ্ট ব্যাংক ও অসাধু পাট ব্যবসায়ীদের নানা অনিয়ম ও দুর্ণীতির কারণে এসব ব্যবসায়ীরা কালের সাক্ষী হয়ে পড়েছে। এসকল ব্যবসায়ীরা তাঁদের ভাড়া করা গুদাম নানা অসৎ কৌশলে তলা শূণ্য করে ফেলেছে। বছরের পর বছর পড়ে রয়েছে ফাঁকা গুদাম। ব্যাংক ও ব্যবসায়ীদের ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে পাট গুদাম মালিকদের। কারণ পাট ব্যবসায়ী ও ব্যাংক আর গুদামে আসেনা। গুদাম মালিকদের ৭/৮ বছর যাবৎ ভাড়া দেয় না ব্যবসায়ীরা। গুদাম মালিকরা ভাড়া না পাওয়ার কারণে গুদাম মেরামতে ব্যর্থ হচ্ছে। ফলে গুদাম গুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। কোন কোন গুদাম ভেঙ্গে পড়ছে। উল্লিখিত গুদাম মালিকের বেলাও তাই ঘটেছে। যে করণে এ গুদাম মালিকরা বছরে বছরে ভাড়াতো দূরে থাক তাদের কোটি কোটি টাকার সম্পদ মেরামতের অভাবে নষ্ট হয়ে পড়ছে। বছরের পর বছর পার হলেও ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যাংক কোন সমাধান করছেনা। তাই নিরুপায় হয়ে গুদাম মালিক আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।