রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ভারতীয় করোনা ভেরিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পর রাজশাহীতে মহানগরীতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকতে নিদের্শনাও দিয়েছেন। সেই নির্দেশনা পুর্নাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় ১০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হলো। বিনামূল্যে অক্সিজেন পেতে হটলাইন নম্বর ০১৭৫৮-৯০১৯০৩ অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলেই অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌছে যাবে। যাদের ওষুধ কেনার সামর্থ নেই, তাদের দামী ওষুধ এবং খাবারও সরবরাহ করা হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের সামনে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় আরো ১৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে উল্লেখ করে এ সময় মেয়র বলেন, রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বৃদ্ধি করা হয়েছে। নগরীর ১২টি পয়েন্টে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আরও অ্যান্টিজেন টেস্ট সেন্টার বৃদ্ধি করা হবে। ইতোমধ্যে করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্øো ন্যাজাল ক্যানোলা সেট প্রদান করা হয়েছে। সকলের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করবো এবং আরো বেশি করে মানুষের পাশে থাকবো।
উদ্বোধন শেষে সিটি কর্পোরেশনের বাইরেও করোনায় আক্রান্তদের সেবা প্রদানের লক্ষ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহীতে কর্মরত জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে ১০টি করে মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। এ ছাড়া সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ১টি করে মোট ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাসিকের জনসংযোগ কর্মকর্তা বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের সংবাদকে জানান, এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ^াষকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনেরা রাজশাহী সিটি কর্পোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ এই নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে অক্সিজেনসহ তার বাড়িতে পৌছে যাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। আর এই সেবা চালু থাকবে ২৪ ঘন্টা। এখন ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানবিক এই সেবা কার্যক্রম চালু হলেও আগামীতে যুক্ত হবে আরও ১৫০টি। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করবে সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকন, শিক্ষা ও স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ রাসিকের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।