কালিগঞ্জে নদীতে মাছ ধরতে যেয়ে আবদুস সালাম বিশ্বাস (৩৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের শামছুর রহমান বিশ্বাসের ছেলে।
নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, বুধবার আসরের নামাজের পর সালাম মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে পাশ্ববর্তী চুনা নদীতে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেন নি। রাত ৯ টার দিকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে কারেন্ট জালের সাথে বেঁধে থাকা অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম ও অহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে (নং-২৭) বলে জানান তিনি।