বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় প্রভাবশালী আলাল গ্রুপের দখল নেয়া কোটি টাকা মুল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন।
উপজেলার ভবানীপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ৩৫ শতক জমি অবৈধভাবে দখল শেরপুরের আলাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশ’ এর নামে দখল করেছিলো।
১৬ জুন বুধবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন শেরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ হেদায়েতুল ইসলাম, সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, শেরপুর থানা পুলিশ ও গ্রামপুলিশের সদস্যবৃন্দ।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, অবৈধভাবে দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।