দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসান নামে এক পথচারীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি দিনাজপুর- ফুলবাড়ি মহাসড়কের আমতলী বাজারের পূর্বে ব্রম্মপুর মাদরাসা মোড়ে ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল ১৭ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ৮ টায় ফুলবাড়ি হতে দিনাজপুরগামী ইস্পাহানী চা বোঝাই একটি ট্রাকের সামনের দুটি চাকা একই সঙ্গে ফেটে নষ্ট হয়ে গেলে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এ সময় দিনাজপুর কোতোয়ালি থানার পূর্ব মোহনপুর (মোহনপুর রাবার ড্যামের পার্শ্বে) গ্রামের ওসমান গণির ছেলে দিনমজুর হাসান আলী (৫৫) ওই পথ দিয়ে বাড়ি হতে বাইসাইকেল যোগে আমবাড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
চিরিরবন্দর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক আছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।