৩৬ বছর বয়স চলছে। এখনও রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাঙেরির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে গড়েছেন বেশকিছু রেকর্ড। চলমান ইউরোতেই আরো বেশকিছু রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে। চলুন দেখে নেয়া যাক, এই আসরেই কি কি রেকর্ডের মালিক হতে পারেন পর্তুগিজ মহাতারকা।
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা:
পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৭৬ ম্যাচে ১০৬টি গোল করেছেন ক্রিস্টিয়ানো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা বেশ কিছুদিন ধরেই হাতছানি দিচ্ছে তাকে। হাঙেরির বিপক্ষে জোড়া গোলের পর আরো কাছাকাছি চলে এসেছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দাঈ। ১০৯টি গোল আছে তার দখলে। তাকে ছুঁতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৩টি গোল। ইউরোর গ্রুপপর্বেই সেটি করে ফেলতে পারেন সিআরসেভেন। আর তার দল পরের পর্বে গেলে তো কথাই নেই!
ইউরোর সর্বোচ্চ অ্যাসিস্টদাতা:
ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ডটি কারেল পোবোরস্কির দখলে। তার অ্যাসিস্ট ৬টি। ইউরোতে সতীর্থদের দিয়ে এখন পর্যন্ত ৫বার গোল করিয়েছেন ক্রিস্টিয়ানো। এই আসরে সমানসংখ্যক অ্যাসিস্ট আছে স্প্যানিশ তারকা রাউল, ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম, পর্তুগিজ কিংবদন্তি লুই ফিগো, ডাচ তারকা আরিয়েন রোবেন ও জার্মান তারকা বাস্তিয়ান শোয়াইন্সটাইগারের। এদের সবাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। রোনালদোর সামনে হাতছানি আছে এই রেকর্ডটিও নিজের দখলে নেয়ার।
ইউরোপের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড:
ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও র্যামোস। তিনি খেলেছেন ১৮০টি ম্যাচ। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচটি ছিল রোনালদোর ১৭৬তম। পর্তুগাল সেমিফাইনালে উঠতে পারলে এই আসরেই রেকর্ডটি নিজের দখলে নিতে পারবেন পর্তুগিজ তারকা।
এর আগে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের মাধ্যমে যেসব রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো সেগুলো আরো একবার দেখে নেয়া যেতে পারে।
*৫ টি ইউরো খেলা একমাত্র ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
*টানা ৫টি ইউরোতে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।
* আসরের সর্বোচ্চ গোলদাতা। তার গোলসংখ্যা ১১টি। আগের সর্বোচ্চ গোলদাতা মিচেল প্লাতিনি। তার গোল ছিল ৯ টি।