বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকের পোস্টারের উপর ওর্য়াকার্স পার্টির স্টিকার লাগানোর অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ইউপি নির্বাচনে দেহেরগতি ইউনিয়নে প্রতিক বরাদ্দ পাওয়ার পর ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা এবং পোস্টার-ব্যানার সাঁটানো শুরু করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার রাতে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর বাহেরচর এলাকায় দলীয় প্রার্থী মোঃ মশিউর রহমানের পোস্টারের ও ফেস্টুনের ছবির উপর হাতুড়ি প্রতিকের প্রার্থী রাকিবুল ইসলাম রনি খানের হাতুড়ি প্রতিকের স্টিকার লাগান। এ নিয়ে কথা বলতে চাইলে, কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, গতকাল রাতেই মূলত এলাকার বিভিন্ন স্থানে নৌকার প্রার্থীর ছবির উপর স্টিকার লাগানো হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা বলেন, আমার নির্বাচনী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাজার সংলগ্ন এলাকায় সাঁটানো ব্যানার ও ফেস্টুনের উপর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রকিবুল হাসান খান রনির হাতুরি প্রতীকের পোস্টার ও স্টিকার লাগিয়ে দিয়েছন তাঁর (রনি খানের) সমর্থক বজুলর রহমান জমাদ্দরের পুত্র পনির জমাদ্দার,হারুন অর রশিদ হাওলাদারের পুত্র মোঃ আমীন হাওলাদার,মোঃ হাসেম হাওলাদারের পুত্র মোঃ জসিম উদ্দিন,উমর আলী হাওলাদারের পুত্র মোঃ নান্টু হাওলাদার,শাহজাহান মোল্লার পুত্র,মোঃ মাসুম মোল্লা ও ফারক, খলিল। এ চক্র আমাদের প্রচারণাকে বাধাঁগ্রস্থ করার জন্যই পোস্টার নষ্ট করছে। তবে এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টি সমর্থিত হাতুড়ি প্রতীকের প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম রনি অভিযোগ অস্বীকার করেন বলেন,আমাকে বেকায়দায় ফেলতে তৃতীয় পক্ষ এ ধরণের কাজ করতে পারে। আমার কোন কর্মী সমর্থক এ কাজের সাথে জড়িত নয়।এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে বাবুগঞ্জ থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নির্বাচনী আচরণবিধি লংঘন বলে জানান। প্রার্থীর ছবির উপর স্টিকার লাগানো কে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।