হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করে খুলনার পাইকগাছা থানা ওসি মো. এজাজ শফী বলেন, এখন থেকে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে থানায় বিচার-শালিশ বসবে না। এসব বিষয় আদালতেরই একতিয়ার ভূক্ত। বুধবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় অনেকে ওসিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, জমি-জমার বিরোধে বিপদে পড়ে সাধারন মানুষ পুলিশের সাহায্য পেতে থানায় আসে। তা হলে তাদের সমাধান কি হবে? এর উত্তরে ওসি এজাজ শফী বলেন, মাননীয় এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে এ-সংক্রান্ত বিষয়ে একটি শক্তিশালী কমিটি করলে তারাই ভাল সমাধান দিতে পারবেন বলে তিনি ধারণা করছেন। পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ জিএম আ. সাত্তার সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডঃ সুকান্ত কুমার রায়ের পরিচালনায় এ সভায় এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি সহ যে কোনো সামাজিক অপরাধ প্রবণতা রোধে পুলিশের সহযোগিতায় আইনজীবী ও আইনজীবী সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সভায় আইনজীবীদের উদ্দেশ্য করে ওসি আরো বলেন, দয়া করে আপনারা আদালত থেকে পেশাদার ডাকাতদের জামিন করাবেন না। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ, সমির কুমার সরকার, এফএমএ আঃ রাজ্জাক, তৈয়েব হোসেন নুর, আবুল কালাম আজাদ, সাঈদুর রহমান মিঠু, আদালত সিএসআই বিশ্বজিৎ গাইন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি শাহিন আক্তার, সম্পাদক মহানন্দ ঢালী ও আজিবর রহমান প্রমুখ।