নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আবদুস সামাদ প্রামানিক (৫০) নামে এক চা-দোকানিকে আটক করেছে। এ সময় তার দোকান তল্লাশী করে হেরোইন,গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মালশন বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সামাদ ওই গ্রামের মৃত সন্তেশ আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, উপজেলার মালশন বাজারে চায়ের দোকানে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ মঙ্গলবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকান থেকে আবদুস সামাদকে আটককালে তার দোকান ঘর তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা ও দেড় গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৯শ’ টাকা জব্দ করা হয়। আবদুস সামাদের বিরুদ্ধে মঙ্গল বার রাতেই মাদক মামলা রুজু করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।