গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৫ জন। একদিনে আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ। এর আগে গত ৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের করোনা শনাক্ত হয়।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: এ বি এম আবু হানিফ জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় জেলার নিয়ামতপুরে দুজনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘন্টায় নিয়ামতপুর উপজেলায় ২৬ জন, সদর উপজেলায় ১৬ জন, পোরশা উপজেলায় ১৫ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, সাপাহার উপজেলায় ১২ জন, রাণীনগর ও মান্দা উপজেলায় ১০ জন করে, বদলগাছী উপজেলায় নয়জন, ধামইরহাট উপজেলায় পাঁচজন, এবং আত্রাই ও পতœীতলা উপজেলায় চারজন করে মোট ১২৫ জন আক্রান্ত হয়েছেন। এদিন মোট ৫৭৩ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২৬২ জনের এ্যন্টিজেন পরীক্ষায় ৬২ জন, বগুড়া টিএমএসএস হাসপাতালে তিন জনের পরীক্ষায় সকলে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩০৮ জনের পরীক্ষায় ৬০ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ১৬১। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন এবং এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন দুই হাজার ২৬২ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন ৮৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৪৩ জন রোগি জেলা সদরের হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২১৫ জনকে। এই চব্বিশ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯৯ জনকে। বর্তমাানে ৬৯ জন প্রাতিষ্ঠানিক কোয়রেনটাইনসহ মোট দুই হাজার ৩৭৭ ব্যক্তি কোয়রেনটাইনে রয়েছেন।
করোনা- সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য সম্পর্কে জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, গত ঈদুল ফিতরের পর থেকে নিয়ামতপুর উপজেলা ও নওগাঁ সদর উপজেলায় বেশি রোগী শনাক্ত হচ্ছিল। এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, নিয়ামতপুর ও নওগাঁ পৌরসভার পাশাপাশি পোরশা, সাপাহার, মহাদেবপুর ও পতœীতলা উপজেলায়ও বেশি রোগী শনাক্ত হচ্ছেন। এজন্য জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চলমান বিশেষ বিধিনিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে।