রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে আবদুর রাজ্জাক (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) রাত ৮ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক উপজেলার বাউসা ইউনিয়নের ধনদহ বিনিময় পাড়া গ্রামের মৃত অলিম উদ্দিনের ছেলে।
জানা যায়, আবদুর রাজ্জাক মঙ্গলবার রাত ৮টার দিকে ঘরের সিলিং ফ্যান নষ্ট হয়ে যায়। বিদুৎতের সুইচ বন্ধ না করে ফ্যান খুলতে যায়। এ সময় বিদুৎ স্পৃষ্টে ছিঁটকে পড়ে ঘরের মেঝেতে পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপরও গ্রামীণ চিকিৎসকের কথা বিশ্বাস না করে রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ঘটনাটি শুনেছি। আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। তার দাফনও সম্পন্ন হয়েছে।