দিঘলিয়া উপজেলার আড়ুয়ায় নির্মিত হবে আতাই নদীর ওপর আরেকটি সেতু। এ সেতু বাস্তবায়নের কাজে অর্থায়ন করার সম্ভব্যতা যাচাইয়ের ফলাফল ইতিবাচক বলে জানিয়ে দিয়েছেন স্পেনের সেনচুনিয়ন এসএ কোম্পানীর প্রতিনিধিদল। গত ১৩ ফেব্রুয়ারী এ সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ওই কোম্পানীর বিজনেস ডিপার্টমেন্ট ডাইরেক্টর এ্যালেজা-্র ভাইডাউরেটা তাঁর এক সহযোগী এবং তাদের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ মিঃ সোহেল ও খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ এবং তাঁর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এসময় আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার দুই কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান, দিঘলিয়ার বিশিষ্ট তরুন সমাজ সেবক ও বিদ্যোৎসাহী মোল্লা মাকসুদুল ইসলাম,রাজনৈতিক কর্মী শেখ ফরহাদ হোসেন।। এ সময় তাঁরা পূর্বে প্রস্তুত করা বিভিন্ন দপ্তরের ও সংস্থার কাগজ,নকশা,প্রধানমন্ত্রীর কার্যালয়ের (মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা)বিভিন্ন পত্র,বিভিন্ন মন্ত্রণালয়ের পত্র, রোড ডিভিশনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পূর্বে এ বিষয়ে তৈরি করা কাগজপত্র দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা প্রভৃতি কর্তাদের সাথে আলাপ সাপেক্ষে পরবর্তীতে ভালো তথ্য আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন সরেজমিনে আসা এ প্রতিনিধি দল।এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের দপ্তরের দুই কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দিঘলিয়া উপজেলার উন্নয়ন প্রকল্পের মূল কুশিলব ডক্টর মশিউর রহমান দিঘলিয়ার মাটির কৃতী সন্তান। তিনি চান তাঁর দিঘলিয়া হবে স্বপ্নের দিঘলিয়া। দিঘলিয়াকে স্বপ্নের দিঘলিয়া হিসেবে এর আগে কেউ ভাবেনি। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় তাঁরই অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান মনে প্রাণে চেয়েছেন দিঘলিয়ার উন্নয়ন। আর তিনিই প্রথমে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে পত্র চালিয়েছেন দিঘলিয়া ও তেরখাদাকে জেলা শহরের সাথে সেতু বন্ধন রচনা করতে ভৈরব, আতাই ও খুলনা জেলখানা ঘাটে সেতু নির্মাণের প্রকল্প হাতে নিতে। পাশাপাশি দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ দিঘলিয়ার এ পাওয়াকে নানাভাবে সমর্থন যুগিয়েছেন জোরালোভাবে। এ ব্যাপারে এ সকল প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত সংস্থা সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান মাসুদ এপ্রতিবেদককে জানান, দিঘলিয়া উপজেলার আতাই নদীতে সেতু নির্মাণের ব্যাপারে স্পেন প্রতিনিধিদল ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। তাদের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সেতুর আনুষঙ্গিক কাজ শুরু করা হবে।প্রকাশ থাকে যে, ইতোমধ্যে দিঘলিয়া উপজেলাবাসীর স্বপ্নের ভৈরব সেতুর বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। যে সেতু বাস্তবায়নের মাধ্যমে দিঘলিয়া উপজেলাবাসীর খুলনা শহরের সাথে সেতু বন্ধন রচনা করবে। এ দিকে দিঘলিয়ার আতাই নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের মাধ্যমে গোটা দিঘলিয়া উপজেলা তথা দেশের কয়েকটা জেলার সাথে খুলনার সেতু বন্ধন সৃষ্টি করবে। পাশাপাশি এ অঞ্চলে গড়ে উঠতে পারে গার্মেন্টস শিল্প সহ নানা কারখানা। এ এলাকার বেকার জুট মিল শ্রমিকের কর্মসংস্থান হতে পারে। দিঘলিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দিঘলিয়া বিনির্মানে রূপরেখা প্রণয়ন করে চলেছেন দিঘলিয়ার কৃতী সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। আর তাঁর এ স্বপ্ন পূরণে ও রূপরেখা বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা,জেলা ও উপজেলা প্রশাসন।