পূর্ব শত্রুতার জের ধরে বগুড়ার কাহালু উপজেলার কুরশুন গ্রামের মোছাঃ রওশন আরা (৩৫) নামের এক গৃহবধুকে মারপিট করে, প্রায় ৫ ঘন্টা আটকে রাখে প্রতিপক্ষের লোকজন। গৃহবধুকে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে গত রোববার কাহালু হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে এই ঘটনার কোন প্রতিকার না পেয়ে গত সোমবার গৃহবধুর স্বামী আঃ মোমিন কাহালু থানায় একটি অভিযোগও করেছেন।
রওশন আরা জানান, পূর্ব শক্রুতার জের ধরে গত শনিবার সন্ধ্যায় আমাদের প্রতিবেশী মোঃ ভুট্টোর ছেলে মোঃ হোসেন আমার ছেলে আঃ বাসেদকে মারপিট করে। আমার ছেলেকে মারপিট করার কারণ জানতে চাইলে রোববার ১১ টার দিকে ভুট্টোর পরিবারের লোকজন আমাকে বেদম মারপিট করে। এই ঘটনার জন্য আমি যাতে কারো কাছে নালিশ করতে না পাড়ি তার জন্য আমাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ভুট্টোর বাড়িতে প্রায় ৫ ঘন্টা আটকে রাখে। পরে আমার স্বামী স্থানীয় লোকজনের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে মোঃ ভুট্টোর সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি বলেন আমরা রওশন আরাকে আটকে রাখিনি। মোবাইল ফোন ফেলে দেওয়াকে কেন্দ্র করে আমার ছেলের সাথে মোমিনের ছেলের গোলমাল হয়। সেই ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। মারপিটের সময় রওশন আরা আমার স্ত্রীকে জখম করেছে।
কাহালু থানার এস আই মাহবুব মোবাইল ফোনে জানান, এ ঘটনায় বাদীর দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।