আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রশাসনকে সাথে নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের নির্বাচনী এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার রাতে ও বিকেলে দুইটি নির্বাচনী উঠান বৈঠকে প্রকাশ্যে এ হুমকি দেয়া হয়েছে।
এ হুমকির পর সুষ্ঠু নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা এবং অনিশ্চয়তা। বড়ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন সাধারণ ভোটাররা। ঘটনাটি জেলার এককালের সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জ উপজেলার সাবেক আগরপুর বর্তমান জাহাঙ্গীর নগর ইউনিয়নের।
আগামী ২১ জুন ওই ইউনিয়নের নির্বাচনে ইভিএমএ ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়েছেন সরদার তারিকুল ইসলাম তারেক ও আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের আপন চাচাতো ভাই অধ্যাপক কামরুল আহসান হিমু খান।
স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান হিমু খান অভিযোগ করেন, তার প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী তারিকুল ইসলাম তারেক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারদের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়ে পরায় নির্বাচনকে ঘিরে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা রাতে ইউনিয়নের জাহাপুর ও বিকেলে রমজানকাঠীর বুধিঘাটা এলাকার নির্বাচনী উঠান বৈঠকে তারিকুল ইসলাম তারেক তার বক্তব্যে প্রকাশ্যে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রশাসনকে সাথে নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম হিমুকে এবং ১৮ জুনের মধ্যে তার সমর্থকদের নির্বাচনী এলাকা ছাড়া করা হবে। এ ব্যাপারে তিনি (হিমু খান) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি (হিমু খান) আরও অভিযোগ করেন, এরপূর্বে গত ১০ জুন দিবাগত রাত সাড়ে আটটার দিকে নৌকার প্রার্থী তারেকের নেতৃত্বে তার ভাড়াটিয়া লোকজনে শিলনদিয়া বাজারের অদূরে মেইন রোডে তার (হিমু খান) সমর্থকদের ওপর হামলা চালিয়ে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৩৩ জনকে অভিযুক্ত করে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ সেটাকে মামলা হিসেবে গ্রহন না করায় অসন্তোষ প্রকাশ করেন স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান হিমু খান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি আনারস মার্কায় ৮০ শতাংশের বেশি ভোট পাবো। সেটা বুঝতে পেরে সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যায়, সেজন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে আমার কর্মীদের মারধর করে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে অবরুদ্ধ করে প্রচারণা ও গণসংযোগে বাঁধার সৃষ্টি করা হচ্ছে। এখন প্রকাশ্যে নির্বাচনী উঠান বৈঠকে প্রশাসনের সহযোগিতায় আমাকে ও আমার সমর্থকদের এলাকা ছাড়া করার হুমকি প্রদর্শন করা হচ্ছে। আমি (হিমু খান) প্রশাসনের উধর্বতন কর্মকর্তাদের কাছে ন্যায়বিচার চাই এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে সীমাহীন উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। ষাটোর্ধ্ব বৃদ্ধ ভোটার আইয়ুব আলী বলেন, বিগত তিনটি নির্বাচনে কেন্দ্রে যাইয়াও নিজের পছন্দের প্রার্থীকে কখনো ভোট দিতে পারি নাই। একবার গিয়ে শুনি আমার ভোট আগেই দেওয়া হইয়া গেছে। পরের দুইবারে ব্যালট পেপার দেখাইয়া ভোট দেওয়া লাগছে। পোলাপান দাঁড়াইয়া ছিল পাহারায়, যাতে অন্য মার্কায় ভোট না দেই। এবার নাকি মেশিনে ভোট হইবে। শুনতেছি এবারও নাকি দেহাইয়া ভোট দেওয়া লাগবে।’ কৃষক আইয়ুব আলীর মতোই আশঙ্কা প্রকাশ করেছেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সিংহভাগ সাধারণ ভোটাররা।
বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নে সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ বদ্ধ পরিকর।