শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সোহাগপুর বিধবা পল্লীতে গণহত্যায় নিহতদের স্বরণে শহিদ স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সূত্র জানায়, ১৯৭১ সালের ২৫ জুলাই উপজেলার সোহাগপুর গ্রামের বেনুপাড়া এলাকায় পাকবাহিনী নারকীয় হত্যাকান্ডে ১৮৭ জন নিরিহ পুরুষ গ্রামবাসিকে হত্যা করে এবং ১৪ জন নারীকে গণধর্ষণ করা হয়। এরপর থেকে ওই পাড়াকে বিধবাপাড়া হিসেবে পরিচিতি লাভ করে। যুদ্ধের পর ৫৬ জন বিধবা বেঁেচ ছিলেন। বর্তমানে ২৩ জন বেঁচে আছেন। দীর্ঘ দিন সেই বিধবারা খেয়ে না খেয়ে জীবন যাপন করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই ১৪ জন নারীকে বিরঙ্গনার স্বীকৃতি দিয়েছেন এবং প্রত্যেকের জন্য পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। এছাড়াও বেসরকারী সংস্থা ব্র্যাক প্রতিজনকে বছরে চার হাজার ৮০০ ও ট্রাষ্ট ব্যাংক থেকে প্রতি দুইহাজার এবং ইউনিয়ন পরিষদ থেকে মাসে ৫০০ করে টাকা দেওয়া হচ্ছে।
ওই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদ স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে বিধবাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাউল, ডাল. তৈল, শাড়ী ও একহাজার নগদ অর্থ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী উপজেলা পরিসদের চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহমুদুল হাসান, ডিএম সাদিক আর শাফিন, মিজানুর রহমান ও নালিতাবাড়ী সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস প্রমুখ।