চলমান এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে কার্যত স্তব্ধ রাজশাহীতে যেন কমছে না করোনায় মৃত্যু ও শনাক্তের হার। গত ১১ জুন বিকেল ৫টা থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ চলবে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। এর পরও গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় ফের ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টাতেও হাসপাতালটিতে মৃত্যু হয়েছিল ১২ জনের। এ নিয়ে গত ১৫ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে ৮৮ জনই করোনা শনাক্ত হওয়ার পর এবং বাকীরা রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। আর একই সময়ে রাজশাহীর দুটি ল্যাবে রাজশাহীসহ চার জেলার মোট ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ১৭৭ জনের।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস মঙ্গলবার (১৫ জুন) বিকেলে জানান, মৃত ১২ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ এবং বাকীরা রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে, সাত জন চাঁপাইনবাবগঞ্জের, একজন নওগাঁর ও একজন নাটোরের।
মুখপাত্র বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৪, নওগাঁর ৫ ও কুষ্টিয়ার ২ জন রয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন। এদিন হাসপাতালটির করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ৩২৫ জন। অথচ এ হাসপাতালের করোনা ইউনিটে মোট শষ্যা সংখ্যা ২৭১টি।
এরপরও রোগী এলে ভর্তি করা হবে জানিয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের আরও কয়েকটি ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ দেওয়ার কাজ চলছে। অক্সিজেন সংযোগ দেওয়া শেষ হলে সেসব ওয়ার্ডেও করোনা রোগী ভর্তি করা হবে।
এদিকে হাসপাতাল সুত্র বলছে, সোমবার (১৪ জুন) রাতে রাজশাহীর দুটি ল্যাবে রাজশাহীসহ চার জেলার মোট ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ১৭৭ জনের। এর মধ্যে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেখা যায়, আগের দিনের চেয়ে ১১ দশমিক ০১ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩০ দশমিক ১৭ শতাংশ। যা আগের দিন রোববার ছিল ৪১ দশমিক ১৮ শতাংশ। এর আগের দিন শনিবার শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে ২২ জনের। নমুনা পরীক্ষা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শনাক্তের হার ২২ দশমিক ২৩ শতাংশ। আর নওগাঁয় ৮৮ নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ফলে নওগাঁয় শনাক্তের হার ৪৮ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া নাটোরের ৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ এসেছে। ফলে নাটোরে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ।
অন্যদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাজশাহী মহানগরীতে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ৫ম দিন ছিল মঙ্গলবার। এতে দেখা যায়, লকডাউনের কারণে মহানগরীতে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের দোকান বন্ধ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে মহানগরীর পাড়া মহল্লায় কিছু দোকান খোলা রাখতে দেখা গেছে। এছাড়াও রিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও রাজশাহী শহরের সঙ্গে সারা দেশের যাত্রীবাহী বাস ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলার ঘোষনা রয়েছে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষনা করা হলেও বিভিন্ন অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। যাদের ঘরে ফেরাতে রীতিমত যুদ্ধ শুরু করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পাশাপাশি রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মাঠে রয়েছে র্যাব সদস্যরা। আইন প্রয়োগকারী এসব সদস্যরা রাস্তায় থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। আর জরুরী সেবায় চালিত রিকশা-অটোরিকশা পেলে লকডাউন না মানার কারণে প্রথমবার ক্ষমা স্বরুপ এসব গাড়ির চাকার বাতাস ছেড়ে দিতে দেখা গেছে।
সর্বাত্মক লকডাউন না মানার বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু আসলাম জানান, স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে রয়েছেন একাধিক ভ্রাম্যমাণ আদালত।
যাদের কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্যকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে প্রথম বারের মত সতর্ক করছেন। সোমবার পর্যন্ত লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।