খুলনার পাইকগাছায় এক পুলিশ কর্মকর্তা ভাই মিল্টন মন্ডল জয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তার অত্যাচার-নির্যাতন থেকে মুক্তি পেতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে গণস্বাক্ষরিত অভিযোগ করেছে।
অভিযোগ, উপজেলার লতা ইউনিয়নের কাঠামারি গ্রামের গনেশ মন্ডলের ছেলে মিল্টন মন্ডল জয় (৩৬)। তার আপন চাচাত ভাই ঠাকুর দাস মন্ডল একজন পুলিশ কর্মকর্তা। ওসি তদন্ত হিসেবে বর্তমানে বাগেরহাট জেলার মোংলা থানায় কর্মরত আছেন। তার নাম ভাঙ্গিয়ে জয় এলাকার সাধারন মানুষকে নানাভাবে হয়রানি করছে। অতিষ্ঠ এলাকাবাসী অগত্য তার কবল থেকে রক্ষা পেতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ করেছে। অভিযোগকারীদের মধ্যে একজন রবীন্দ্রনাথ মন্ডল বলেন, জয়ের অত্যাচারে তারা অতিষ্ঠ, মামলা, হামলার ভয় ও লোকজনকে কারনে-অকারনে মারপিট করে থাকে। এমনকি পবিত্র নামে এক ব্যক্তিকে মারপিট করে থানায় অভিযোগ করেছে তার নামে। জয়কে কেউ কিছু করার সাহস রাখে না বলে সে দাপট দেখিয়ে চলে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, এ-সংক্রান্ত একটি গণস্বাক্ষরিত অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়ার জন্য ওসি পইকগাছা থানাকে দেয়া হয়েছে। ওসি এজাজ শফী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।