দিঘলিয়া উপজেলা কমপ্লেক্সে একটি মডেল মসজিদের নির্মান কাজ কার্যাদেশ দেওয়ার দু'বছর পার হতে চললেও কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। যদিও নির্দেশ ছিল কার্যাদেশ পাওয়ার ১৮ মাসের মধ্যে খুলনার দিঘলিয়া উপজেলা কমপ্লেক্সে একটি মডেল মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার। ফলে উভয় সংকটে পড়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলাকার মুসল্লিরা। পুরাতন মসজিদ ভেঙ্গে ফেলার কারণে এলাকার মুসল্লিদের জামাতে নামাজ আদায় করতে খুবই অসুবিধে হচ্ছে।
সূত্র থেকে জানা যায়, খুলনা গণপূর্ত বিভাগ-১ থেকে ২০১৯ সালের জুন মাসে খুলনার দিঘলিয়া উপজেলা কমপ্লেক্সে একটি মডেল মসজিদ নির্মাণের কার্যাদেশ প্রদান করা হয়। কার্যাদেশ পাওয়ার এক মাসের মধ্যে টিচবি- মামুন (জেভি) কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার কথা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না করার কারণে কাজ শুরু করতে পারছেনা।
খুলনা গণপূর্ত বিভাগ-১ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারা দেশে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
এ প্রকল্পের আওতায় খুলনার দিঘলিয়া উপজেলা সদরে ৩১ শতক জায়গার উপর সোয়া ১৩ কোটি টাকা ব্যয়ে ওই মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। ২০১৯ সালের ১৬ জুন খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফুল ইসলাম উপর্যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করেন। কার্যাদেশের কাজের মেয়াদ উল্লেখ করা হয় ১৮ মাস। সেই হিসাবে গত বছরের ডিসেম্বর মাসে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের ছাড়পত্র না পাওয়ার কারণে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজই শুরু করতে পারে নি।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের এ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা পরিষদের কেন্দ্রীয় এ মসজিদটির নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য প্রথম থেকেই আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। অত্র উপজেলায় যোগদানের পর থেকে জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ৯ মাস পূর্বে খুলনা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে জমি অধিগ্রহণের প্রস্তাবনা ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বয়ংসম্পূর্ণ অধিগ্রহণ প্রস্তাবনা পাঠানো হয়। তবে ধর্ম মন্ত্রণালয়ে জমি অধিগ্রহণের অর্থ না থাকার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।
তিনি আরো জানান, মসজিদের লে-আউট দিতে গিয়ে দেখা যায় মসজিদের কেবলার অবস্থান হবে কৌণিক আকারের। যে কারণে প্রস্তাবিত জমির পরিমাণ বেড়ে যায়। প্রথমাবস্থায় কিছু জমির মালিক প্রস্তাবিত মসজিদের জন্য জায়গা ছেড়ে দিয়ে সমপরিমাণ জায়গা অন্য স্থান থেকে নিতে চাইলেও পরর্তীতে তারা সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
ভূমি অধিগ্রহণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর মোঃ নাজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, ধর্ম মন্ত্রণালয়ে ভূমি অধিগ্রহণের ফান্ড না থাকার কারণে মসজিদের নির্মাণ কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে। একই প্রজেক্টের ৫০ টি মসজিদের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি মসজিদগুলোর নির্মাণ কাজের জন্য ভূমি অধিগ্রহণের অর্থ দ্রুতই ব্যবস্থা হয়ে যাবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের টিচবি -মামুন (জেভি) কন্সস্ট্রাকশন এর স্বত্বাধিকারী গাজী মাসুদ রানা এ প্রতিবেদককে বলেন, ২০১৯ সালের ১৬ জুন কার্যাদেশ পাওয়ার এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে মসজিদের নির্মাণ কাজ শুরু করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাইলিং কাস্টিং এবং পাইলিং প্রস্তুত করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ার কারণে ড্রাইভের কাজ শুরু করা যায়নি। ধর্ম মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের ছাড়পত্র না পাওয়ার কারণে মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ইতোমধ্যে মসজিদ নির্মাণ কাজের জন্য প্রায় তিন কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রস্তাবিত মসজিদ তৈরির জায়গার উপর নির্মাণ সামগ্রী রড, সিমেন্ট, পাথর প্রায় এক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।
অন্যদিকে প্রস্তাবিত মডেল মসজিদ নির্মাণের স্থানে থাকা পুরানো মসজিদটি ভেঙ্গে ফেলার কারণে দিঘলিয়া উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের নামাজ আদায় করতে মারাত্মক অসুবিধা হচ্ছে। বর্তমানে মুসল্লীরা পুরাতন উপজেলা পরিষদ মিলনায়তনে নামাজ আদায় করছেন।