করালগ্রাসী করোনায় মৃত্যুর মিছিল থামছেনা নওগাঁয়। সংক্রমণ ঠেকাতে প্রশাসনের জারি করা বিশেষ বিধিনিষেধের মধ্যেও বেড়ে চলেছে করোনার সংক্রমণ। রোববার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৫টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩২ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় আয়েজ উদ্দিন আহমেদ (৭৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের বাসিন্দা। রোববার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মুত্যু হয়। আগের ২৪ ঘন্টায় জেলার আত্রাই ও বদলগাছী উপজেলায় একজন করে মারা যান। এনিয়ে সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে এজেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২ এ। আর চলতি জুন মাসের গত ১৩ দিনে মারা গেল ১২ জন।
এছাড়া জেলার নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা জানিয়েছেন, সেখানে করোনায় আক্রান্ত হয়ে গত দুদিনে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের মোদাচ্ছের মেম্বারের ছেলে গোলাম মোর্শেদ রুবেল (২৫) ও ভাবিচা ইউনিয়নের ডিমা গ্রামের মহসিনের ছেলে হবিবুর রহমান (৫৭)। রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খান জানিয়েছেন, রোববার (১৩ জুন) বিকেলে সেখানে করোনায় আক্রান্ত হয়ে সহিদা বেগম (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাটরাশাইন গ্রামের মৃত আয়েত আলীর স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৩ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ও বগুড়ার টিএমএসএস হাসপাতাল আরটিপিসিআর ল্যাবে পাঠানো ১৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে সোমবার (১৪ জুন) দুপুরে। এতে ৬৬ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় একদিনে আক্রান্ত হলো ১০৭ জন। আক্রান্তদের মধ্যে রয়েছে মান্দা উপজেলায় ২৩ জন, নওগাঁ সদর উপজেলায় ১৮ জন, মহাদেবপুর উপজেলায় ১৫ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, আত্রাই, পতœীতলা ও ধামইরহাট উপজেলায় আটজন করে, পোরশা উপজেলায় সাত জন, রাণীনগর উপজেলায় ছয় জন, বদলগাছী ও সাপাহার উপজেলায় একজন করে।
নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ২৩ এপ্রিল। এ পর্যন্ত ১৮ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন দুই হাজার ২০৩ জন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এক সপ্তাহ ধরে জেলায় করোনার সংক্রমণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে দেখা গেছে, সংক্রমণের হার ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে রয়েছে। তবে প্রতিদিন যে পরিমাণ নমুনা সংগ্রহ হচ্ছে, তার চেয়ে আরও বেশি নমুনা সংগ্রহ করতে পারলে সংক্রমণ পরিস্থিতি আরও ভালোভাবে বোঝা যেত। নমুনা দিতে মানুষের অনাগ্রহের পাশাপাশি জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকা এবং স্বাস্থ্য বিভাগের জনবল সংকটের কারণে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন ৩০০ থেকে ৩৫০টি নমুনা সংগ্রহ হচ্ছে। এ সংখ্যা অন্তত ৬০০ থেকে ৭০০ হলে ভালো হতো।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রোববার (১৩ জুন) ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৩২ শতাংশ। আগের দিন শনিবার ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ শতাংশ।