রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে করোনায় প্রাণ ঝরেছে আরও ১২ জনের। যাদের মধ্যে ১০জনই করোনায় আক্রান্ত ছিল। আর বাকি দুইজন করোনার উপসর্গে মারা গেছেন। এর আগে গত ৪ জুন রোগটিতে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু রেকর্ড হলেও সেদিন মৃতদের মধ্যে ১০ জন ছিল করোনায় পজিটিভ এবং উপসর্গ ছিল ৬ জনের। ফলে সোমবার (১৪ জুন) করোনায় সনাক্ত হয়ে মারা যাওয়ার দিক থেকে রামেক হাসপাতালে এটিই সর্বোচ্চ রেকর্ড। এর আগে রোববার (১৩ জুন) রামেক হাসপাতালে রোগটিতে মৃত্যু হয়েছিল ১৩ জনের।
এদিকে সোমবার মারা যাওয়া ১২ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা। মৃত এ ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৩, নাটোরের ২ এবং মেহেরপুরের ১ জন রয়েছেন। আর সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩০৭জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। যাদের মধ্যে রাজশাহীর রয়েছেন ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫, নওগাঁ ও পাবনার ২ জন করে ৪জন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে ২জন। আর একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ জন। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
স্বাস্থ্যবিধি মেনে মৃতদের লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে রামেক হাসপাতালের মুখপাত্র জানান, হাসপাতালটির করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় মেঝে ও বারান্দায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও রোগটিতে আবারও মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় এখানে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
হাসপাতাল সুত্র বলছে, চলতি মাসে গত ১৪ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন মোট ১৩৬ জন। এর মধ্যে ৮০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ ও ২ জুন মারা গেছেন ৭ জন করে ১৪ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬ জন, ৭ জুন ১১, ৮ ও ৯ জুন ৮ জন করে ১৬ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩ এবং ১৪ জুন ১২ জন।
এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও আশপাশের জেলাগুলোতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চাপ বেড়েছে রাজশাহীর এই সরকারি হাসপাতালটিতে। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীরা আসছেন চিকিৎসা নিতে। সেন্ট্রাল অক্সিজেন সমৃদ্ধ ৯টি ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তরিত করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে বাড়তি রোগী ভর্তি থাকায় করোনা ওয়ার্ডগুলোর মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।
এরপরও রোগী এলে ভর্তি করা হবে জানিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের আরও কয়েকটি ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ দেওয়ার কাজ চলছে। অক্সিজেন সংযোগ দেওয়া শেষ হলে সেসব ওয়ার্ডেও করোনা রোগী ভর্তি করা হবে।
এদিকে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাজশাহী নগরীতে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ৪র্থ দিন ছিল সোমবার। লকডাউনের কারণে মহানগরীতে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের দোকান বন্ধ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে মহানগরীর পাড়া মহল্লায় কিছু দোকান খোলা রাখতে দেখা গেছে। এছাড়াও রিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও রাজশাহী শহরের সঙ্গে সারা দেশের যাত্রীবাহী বাস ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলার ঘোষনা রয়েছে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষনা করা হলেও বিভিন্ন অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। যাদের ঘরে ফেরাতে রীতিমত যুদ্ধ শুরু করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পাশাপাশি রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যরাও এই দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মাঠে রয়েছে র্যাব সদস্যরা। আইন প্রয়োগকারী এসব সদস্যরা রাস্তায় থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। আর জরুরী সেবায় চালিত রিকশা-অটোরিকশা পেলে লকডাউন না মানার কারণে প্রথমবার ক্ষমা স্বরুপ এসব গাড়ির চাকার বাতাস ছেড়ে দিতে দেখা গেছে।
সর্বাত্মক লকডাউন না মানার বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু আসলাম জানান, স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে রয়েছেন একাধিক ভ্রাম্যমাণ আদালত।
যাদের কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্যকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে প্রথম বারের মত সতর্ক করছেন। যার প্রেক্ষিতে লকডাউনের চতুর্থ দিন সোমবার দুপুরে লকডাউন অমান্য করে দোকান খোলার অভিযোগে রাজশাহী নিউ মার্কেট এলাকায় অবস্থিত এম বি এম মোবাইলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়া হয়। আর পরবর্তীতে এরা আবারও আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমান বৃদ্ধিসহ ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবেন। সোমবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত ছিল।
এর আগের দিন রোববার ২৯ জনের কাছ থেকে ৪৯ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। তার আগের দিন শনিবার ৫৭ জনের কাছ থেকে মোট ৩৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন।