সরাইলে প্রবাসী জাকির মিয়ার বাড়িতে হাত পা ও চোখ বেধেঁ দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত শনিবার গভীর রাতে নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামের মনিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। ডাকাত দলের হুমকিতে বিষয়টি নিয়ে সামনে যাওয়ার সাহস করছেন না গৃহকর্তী। ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, প্রবাসী জাকির মিয়ার বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে থাকেন। গত শনিবার রাতে টিভিতে খেলা দেখে রাত ২টার পর ঘুমিয়ে পড়ে ওই পরিবারের সদস্যরা। রাত ৩টার দিকে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে ৭-৮ জনের ডাকাতদল। বসত ঘরের পেছনের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে তাদের হাত পা বেঁধে ২/১ জনের চোখও বেধেঁ ফেলে ডাকাতরা। আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা, ৪ ভরিরও অধিক স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতদল। ডাকাতি শেষে যাওয়ার সময় পরিবারের সদস্যদের বিষয়টি কাউকে জানালে বা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ডাকাতদলের হুমকিতে খুবই টেনশনে সময় পার করছেন প্রবাসীর স্ত্রী। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জাকির হোসেন খন্দকার বলেন, এ ঘটনাটি আমাদেরকে কেউ জানায়নি। কোন অভিযোগও পায়নি। তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। খুঁজ খবর নিয়ে দেখছি।