দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ হিরোইন বিক্রির অভিযোগে শাহানাজ পারভীন (২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কুটিপাড়া গুরাতিপাড়া গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। স্বামী আরমান বাবু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এ সময় শাহনাজ পারভীনের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা মুল্যের ৩২ গ্রাম হিরোইন, ২পিস ইয়াবা, মাদক বিক্রির ২ বান্ডিল সরঞ্জাম, ৪টি মোবাইল সেটসহ মাদক বিক্রির নগদ ৯৫ হাজার ৪৫৫ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ শনিবার রাতেই বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। রোববার বেলা ১১টায় আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর জানান, এলাকার কুখ্যাত হিরোইন ব্যবসায়ী শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের থানায় ৫ থেকে ৬ টি মাদক মামলা রয়েছে।